নভেম্বর ১১, ২০২৬, ০৭:১৮ এএম
দুই বছর বিরতির পর নতুন মহাকাশচারী দল বা ক্লাস গঠনের জন্য আবেদন আহ্বান করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহাকাশচারীরা চাঁদের পরবর্তী মিশনগুলো নেতৃত্ব দেওয়া ছাড়াও ২০৩২ সালের পরিকল্পনা অনুযায়ী চাঁদে বেস নির্মাণ এবং মঙ্গল গ্রহে প্রথম মানব মিশন পাঠানোর বিভিন্ন সিস্টেম তৈরিতে সাহায্য করবেন। ষাটের দশক থেকে এ পর্যন্ত মোট ৩৭০ জনকে মহাকাশচারী প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। বর্তমানে নাসার সক্রিয় মহাকাশচারী কোরে মাত্র ৩২ জন সদস্য রয়েছেন। সর্বশেষ ২০২৪ সালে মহাকাশচারী নিয়োগের জন্য আবেদন নেওয়া হয়েছিল। সে সময় আট হাজারের বেশি আবেদন জমা পড়লেও চূড়ান্তভাবে মাত্র ১০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল।
নাসায় মহাকাশচারী হিসেবে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসটিইএম বা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। তবে স্নাতকোত্তর ডিগ্রি না থাকলেও সমমানের যোগ্যতা হিসেবে এসটিইএম বিষয়ে ডক্টরেট প্রোগ্রামে অন্তত দুই বছর অধ্যয়ন, মেডিকেল ডিগ্রি অর্জন কিংবা স্বীকৃত কোনো টেস্ট পাইলট স্কুল প্রোগ্রামে অংশ নেওয়া বা সম্পন্ন করার সুযোগ রয়েছে। পাশাপাশি প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। টেস্ট পাইলট স্কুল একমাত্র উন্নত প্রযুক্তিগত ডিগ্রি হলে এসটিইএম বিষয়ে স্নাতক ডিগ্রিও থাকতে হবে।
পাইলটদের ক্ষেত্রে প্রফেশনাল অভিজ্ঞতার শর্ত পূরণের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন জেট বিমানে ৭৫০ ঘণ্টা পাইলট-ইন-কম্যান্ড সময়, অন্যান্য ফিক্সড-উইং বিমানে ১ হাজার ৫০০ মোট ফ্লাইট ঘণ্টার সঙ্গে ৭৫০ ঘণ্টা পাইলট-ইন-কম্যান্ড অথবা রোটারি-উইং বিমানে ১ হাজার মোট ফ্লাইট ঘণ্টার সঙ্গে ৩০০ ঘণ্টা পাইলট-ইন-কম্যান্ড অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মেডিকেল ডক্টর হিসেবে রেসিডেন্সি প্রশিক্ষণরত ব্যক্তিরাও এই অভিজ্ঞতার শর্ত পূরণ করতে পারবেন, তবে সেই প্রশিক্ষণ ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে শেষ হতে হবে।
আবেদনকারীদের একটি দীর্ঘ জীবনবৃত্তান্ত এবং পাঁচজন রেফারেন্সসহ আবেদন প্যাকেজ জমা দিতে হবে। পাশাপাশি নাসার দীর্ঘমেয়াদি মহাকাশচারী ফ্লাইট ফিজিক্যাল পরীক্ষা, ড্রাগ টেস্ট, নিরাপত্তা তদন্ত, দৃষ্টিশক্তি পরীক্ষা এবং অন্যান্য মেডিকেল ও সাইকিয়াট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে যোগাযোগ দক্ষতা, দলগত কাজ এবং নেতৃত্বের শক্তিশালী গুণাবলি প্রদর্শন করতে হবে। আবেদনকারীদের জলের নিচে টিকে থাকার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং বিপজ্জনক ও সীমিত জায়গায় দীর্ঘ সময় কাটানোর মানসিক প্রস্তুতি থাকতে হবে।
নির্বাচিত মহাকাশচারীদের হিউস্টনের লিন্ডন বি জনসন স্পেস সেন্টারে দায়িত্ব পালন করতে হবে। এই পদের জন্য বছরে বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৩৯৫ মার্কিন ডলার। এই চাকরিতে প্রায় ৭৬ শতাংশ বা তার বেশি ভ্রমণের প্রয়োজন হয়, যাকে নাসা ব্যাপক ভ্রমণ বলে উল্লেখ করেছে। তবে এই কাজের জন্য কোনো দূরবর্তী বা রিমোট কাজের সুযোগ নেই এবং অনিয়মিত কর্মঘণ্টায় কাজ করতে হয়।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচিতদের প্রায় দুই বছর রোবটিকস, নেতৃত্ব, চন্দ্র ভূবিদ্যা এবং স্পেসওয়াক বা মহাশূন্যে হাঁটার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তারা যেকোনো মহাকাশযানের মিশনে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তার আগ পর্যন্ত তারা মহাকাশচারী অফিসের বিভিন্ন দায়িত্ব পালন করবেন এবং মহাকাশে সহকর্মীদের সহায়তা বা নতুন মহাকাশযান তৈরিতে কাজ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন