নভেম্বর ১১, ২০২৬, ০৪:৫৭ এএম
আসন্ন এইচবিওর হ্যারি পটার সিরিজের প্রিমিয়ারের সময় যতই ঘনিয়ে আসছে, ততই আলোচনা বাড়ছে এই সিরিজের অভিনয়শিল্পীদের নিয়ে। এই সিরিজে সেভেরাস স্নেপ চরিত্রে অভিনয় করছেন পাপা এসিডো। তিনি সম্প্রতি ট্রান্স মানুষদের অধিকারের পক্ষে নিজের শক্ত অবস্থানের কথা আবারও স্পষ্ট করেছেন। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এই অভিনেতা জানান, তিনি ট্রান্স মানুষদের জন্য সব সময় সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে।
পাপা এসিডো জানিয়েছেন যে তিনি এই বিষয়ে নিজের অবস্থান নিয়ে অত্যন্ত পরিষ্কার এবং সুনির্দিষ্ট। একই সাথে তিনি এই বিষয়ে মূল উপন্যাসের লেখক জে কে রাউলিংয়ের প্রসঙ্গটি এড়িয়ে যেতে চেয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি লেখক জে কে রাউলিংয়ের রাজনৈতিক মতামত নিয়ে কথা বলতে চান না কিংবা তাঁর মুখপাত্র হিসেবে কাজ করতেও আসেননি। তাঁর বিশ্বাস এবং অবস্থান কী, সেটিই তিনি সততার সাথে তুলে ধরতে চান।
এর আগে লেখক জে কে রাউলিংয়ের সাথে এই অভিনেতার এই বিষয় নিয়ে কথা হয়েছিল বলেও জানা গেছে। তবে পাপা এসিডো এই বিতর্কে কোনো ধরনের পক্ষ-বিপক্ষের বিভাজন তৈরি করতে চান না। তিনি নিজের বিশ্বাসের জায়গায় অবিচল থেকে সামঞ্জস্য বজায় রাখতে চান।
এদিকে, হ্যারি পটার টেলিভিশন সিরিজের শোনার ফ্রান্সেস্কা গার্ডিনার পাপা এসিওডোর প্রতি অনলাইনে চলা অপব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন। কৃষ্ণাঙ্গ একজন অভিনেতাকে সেভেরাস স্নেপ চরিত্রের জন্য নির্বাচিত করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণির ভক্তের পক্ষ থেকে বর্ণবাদের শিকার হচ্ছেন এই অভিনেতা। গত মার্চ মাস থেকেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাপা এসিডো।
আসন্ন ২৫ ডিসেম্বর এইচবিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত হ্যারি পটার সিরিজের টেলিভিশন রূপান্তর। এই সিরিজের মধ্য দিয়ে জনপ্রিয় এই জাদুকরী পৃথিবী আবারও নতুন আঙ্গিকে পর্দায় আসছে, যা নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা কাজ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন