মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

এক্স-৭০ ফ্র্যাক্টাল নামের নতুন পরীক্ষামূলক বিমান আনল নাসা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৬:১৭ পিএম

এক্স-৭০ ফ্র্যাক্টাল নামের নতুন পরীক্ষামূলক বিমান আনল নাসা

নাসার নতুন পরীক্ষামূলক বিমান এক্স-৭০ ফ্র্যাক্টাল।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের নতুন পরীক্ষামূলক বিমান এক্স-৭০ ফ্র্যাক্টাল প্রকাশ্যে এনেছে। কেনেডি স্পেস সেন্টারে আয়োজিত ইউপি সামিটে এই নতুন ও রহস্যময় বিমানটির আবরণ উন্মোচন করা হয়। সংস্থাটি জানিয়েছে, এটি একটি উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন এবং অত্যন্ত অভিযোজনযোগ্য গবেষণা প্ল্যাটফর্ম, যা উন্নত বিমান চলাচল প্রযুক্তির পরীক্ষা ও বিকাশকে ত্বরান্বিত করতে তৈরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিমানটির কোনো প্রকৃত ছবি প্রকাশ করা হয়নি, কেবল কম্পিউটার-জেনারেটেড ছবি এবং কিছু কারিগরি বিশেষত্ব জানানো হয়েছে।

নতুন এই যানটি কোনো মহাকাশযান নয়, অর্থাৎ এটি পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে বা বায়ুমণ্ডলের বাইরে যাওয়ার জন্য তৈরি করা হয়নি। এটি একটি চালকযুক্ত সাবসনিক বিমান, যা বাণিজ্যিক বিমানের চেয়ে অনেক উঁচুতে স্ট্রাটোস্ফিয়ারে প্রায় ৪৫ হাজার ফুটেরও বেশি উঁচুতে উড়তে সক্ষম। প্রকাশিত তথ্য অনুযায়ী, বিমানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৫৭৫ মাইল বা ম্যাক ০.৭৫। এছাড়া এটি এক ফ্লাইটে প্রায় ১ হাজার ৭০০ মাইল পথ অতিক্রম করতে সক্ষম হবে।

নাসার তথ্য অনুযায়ী, এক্স-৭০ ফ্র্যাক্টাল এমন সব কৌশলে বিমান পরিচালনার গবেষণা সক্ষম করবে যা এর আগে চালকযুক্ত বিমানে কখনোই প্রদর্শিত হয়নি। তবে ঠিক কী ধরনের কসরত বা কৌশল এই বিমানে পরিচালনা করা হবে, সে বিষয়ে সংস্থাটি সুনির্দিষ্ট করে কিছু বলেনি। বিমানটি এক টন পর্যন্ত পরীক্ষামূলক সরঞ্জাম বহন করতে পারবে। আগামী দুই বছরের মধ্যে নাসা ব্যানারেই বিমানটির প্রথম ফ্লাইট সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এই যানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর মডুলার ডিজাইন। এর ফলে বিমানের ভেতর এবং বাইরে পরীক্ষামূলক সরঞ্জাম দ্রুত ইনস্টল বা প্রতিস্থাপন করা সম্ভব হবে। আর ঠিক এ কারণেই এটিকে পরীক্ষামূলক প্ল্যাটফর্ম বলা হচ্ছে। এছাড়া এতে রিকনফিগারারেবল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম বা পুনর্বিন্যাসযোগ্য ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে নাসা প্রতিটি গবেষণা প্রকল্পের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি না করেই বিমান পরিচালনার বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করতে পারবে।

মহাকাশ মিশনের জন্য বেশি পরিচিত হলেও নাসা দীর্ঘকাল ধরে বিমান চালনা বা অ্যারোনটিক্যাল গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি ফর অ্যারোনটিকস ১৯৫৮ সালে নাসার সঙ্গে একীভূত হয়। এরপর থেকে সংস্থাটি সুপারসনিক ফ্লাইট, প্রোপালশন সিস্টেম এবং নতুন অ্যারোডাইনামিক কনফিগারেশন পরীক্ষার জন্য অসংখ্য পরীক্ষামূলক বিমান তৈরি করেছে। সব প্রোটোটাইপ অপারেশনাল বিমানে রূপ নেয় না, তবে এর থেকে প্রাপ্ত জ্ঞান ভবিষ্যতের বাণিজ্যিক ও সামরিক বিমান তৈরিতে ভূমিকা রাখে।

অ্যারোনটিক্যাল গবেষণার বিকাশ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখে মার্কিন প্রযুক্তিগত নেতৃত্ব বজায় রাখতে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৭ সালের বাজেট নথিতে নাসা এই খাতের গুরুত্ব তুলে ধরেছে। নতুন ফ্লাইট সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা থাকলেও এক্স-৭০ ফ্র্যাক্টালের কোনো সামরিক প্রয়োগের ঘোষণা এখনও দেওয়া হয়নি। বিমানটির উন্মোচন অনুষ্ঠানে নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান উল্লেখ করেন যে, এই প্রকল্পটি ফেডারেল অ্যারোনটিক্যাল গবেষণার একটি নতুন যুগের সূচনা মাত্র এবং সামনে আরও ঘোষণা আসার ইঙ্গিত দেন।