মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৫:০৯ পিএম

জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা

তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অনুদান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামক এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। এই অনুদানের অর্থের সংস্থান করা হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক প্রচারণামূলক কর্মশালার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, চাকরির বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলার সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে এই সহায়তার আওতায় আনা হচ্ছে।

কর্মসূচির আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ। তবে নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও সুদবিহীন ঋণে পরিণত হবে। সে ক্ষেত্রে ওই ঋণ প্রচলিত নিয়মে শ্রেণিকরণ করা হবে এবং সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হয়ে ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।

এই কর্মসূচিতে আবেদন করতে হলে আবেদনকারীকে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগে থেকেই ব্যবসা পরিচালনা করা বাধ্যতামূলক নয়, বরং সম্ভাবনাময় ও বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ সব ধরনের বৈধ উদ্যোগ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে।

আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকেও আবেদন ফরম সংগ্রহ করা সম্ভব। গত ১ নভেম্বর শুরু হওয়া এই আবেদন গ্রহণ কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এই কর্মসূচির আওতায় অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। শুধু আর্থিক সহায়তাই নয়, নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতেও সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান তৈরি করতে পারেন, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।