নভেম্বর ১০, ২০২৬, ১২:১৬ পিএম
সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বাড়ানো হলেও সেই অনুপাতে বাড়েনি ডিলারদের কমিশন। উল্টো প্রতিটি সিলিন্ডারে এক হাজার টাকার বেশি জমা দিতে হচ্ছে এলপিজি খাত উন্নয়ন তহবিলে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ডিলাররা এলপিজি উত্তোলন কমিয়ে দিয়েছেন, যার ফলে সংকটে পড়েছে সরকারি তিন বিপণনকারী প্রতিষ্ঠান।
জানা গেছে, এলপিজিএলের গ্যাসের দাম ৭৭৭ টাকা থেকে এক লাফে বেড়ে ১,৮৬০ টাকা হলেও ডিলারদের কমিশন বেড়েছে মাত্র ১২০ টাকা। বিইআরসির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডিলাররা এলপিজি উত্তোলন অস্বাভাবিক হারে কমিয়ে দিয়েছেন। সে কারণে মূল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনাও চাহিদামতো এলপিজি উত্তোলন করতে পারছে না। এছাড়া আলোচনায় এসেছে এলপিজি খাত উন্নয়ন তহবিলের বিষয়টিও। বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে বারো কেজির প্রতিটি সিলিন্ডারের জন্য এ তহবিলে জমা করতে হচ্ছে এক হাজারের বেশি টাকা। নতুনভাবে চালু হওয়া এই বড় অংকের চাঁদা ঘিরে সরকারি এলপিজি খাতে অসন্তোষ বিরাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, এলপিজিএলে সাড়ে বারো কেজির প্রতিটি সিলিন্ডারের দাম চারশো আশি টাকা তিয়াত্তর পয়সা। অথচ এ গ্যাস কিনতে গ্রাহককে সিলিন্ডারপ্রতি এলপিজি খাত উন্নয়ন তহবিলে চাঁদা দিতে হয় এক হাজার চার টাকা সাত পয়সা। বিইআরসির এমন সিদ্ধান্তে হতবাক কোম্পানিটির ডিলার ও পরিবেশকরা। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গ্যাস উত্তোলন থেকে আংশিকভাবে বিরত রয়েছে বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা।
নভেম্বর মাসের জন্য সরকারি ও বেসরকারি এলপিজির মূল্য নির্ধারণে গত ঊনত্রিশ অক্টোবর গণশুনানি করে বিইআরসি। শুনানিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরে। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটিও সেখানে সুপারিশমালা পেশ করে। তারই ধারাবাহিকতায় দুই নভেম্বর বেসরকারি বারো কেজি এলপিজির দাম এক হাজার আটশো সাইত্রিশ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার ষাট টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে সাড়ে বারো কেজি সরকারি এলপিজির দাম সাতশো সাতাত্তর টাকা থেকে বাড়িয়ে এক হাজার আটশো ষাট টাকা করা হয়। বেসরকারি গ্যাসের সমান মূল্য নির্ধারণ করা হলে এটি হওয়ার কথা দুই হাজার একশো ছেচল্লিশ টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে, বেসরকারি দামের তুলনায় সরকারি গ্যাসের দাম দুশো ছিয়াশি টাকা কম নির্ধারণের পরও সংশ্লিষ্টরা ক্ষুব্ধ কেন?
বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে বারো কেজি গ্যাসের রিফাইনারি মূল্য চারশো আশি টাকা তিয়াত্তর পয়সা। গ্যাস মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ একশো ষাট টাকা কুড়ি পয়সা। তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার চার্জ ত্রিশ টাকা এবং পরিবহন ভাড়া পঁয়ষট্টি টাকা। ডিলারদের স্থানীয় পরিবহন খরচ পঞ্চাশ টাকা ও ডিলার পর্যায়ে অপারেশন চার্জ সত্তর টাকা। অন্যদিকে এলপিজি খাত উন্নয়ন তহবিলের চাঁদা নির্ধারণ করা হয় এক হাজার চার টাকা সাত পয়সা। ফলে প্রতি সিলিন্ডারের বিপরীতে এলপিজি খাত উন্নয়ন তহবিলে এক হাজারের বেশি টাকা আদায় ঘিরে সরকারি এলপিজি খাতে অসন্তোষ বিরাজ করছে।
কমিশন কম নির্ধারণ করায় পদ্মা, মেঘনা ও যমুনার ডিলাররা সরকারি এলপিজি বিক্রি করতে রাজি হচ্ছেন না। তাই এলপিজি উত্তোলন কমিয়ে দিয়েছে বিপণনকারী কোম্পানিগুলো। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী প্রতিদিন প্রায় দেড় হাজার সিলিন্ডার করে গ্যাস উত্তোলন করার কথা থাকলেও গত তিন ও চার নভেম্বর বিভিন্ন কোম্পানির উত্তোলন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মেঘনা পেট্রোলিয়াম কোনো এলপিজিই গ্রহণ করেনি। একই ধারাবাহিকতায় পরবর্তী দিনগুলোতেও নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক কম এলপিজি উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে।
এলপি গ্যাস পিএলসির মহাব্যবস্থাপক প্রকৌশলী ছিদ্দিক হোসেন জানান, তারা পদ্মা, মেঘনা ও যমুনার ওপর নির্ভরশীল এবং ডিলারদের তারাই নিয়োগ দিয়ে থাকে। আগের তুলনায় উত্তোলন কিছুটা বাড়লেও বিশ্বব্যাপী তেল-গ্যাস খাতের কর্মীদের পেছনে খরচ বেশি হওয়ায় নির্ধারিত কমিশনে এলপিজি বিক্রি করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। সেনাবাহিনীর কোম্পানিগুলো ডিলারমূল্যে সরকারি এলপিজি পাওয়ার পাশাপাশি নতুন করে বিজিবির সদস্যরাও ডিলারমূল্যে এলপিজি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন