নভেম্বর ১০, ২০২৬, ১১:১৭ এএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি দলটির যুগ্ম আহ্বায়ক এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। চলতি মাসে নারায়ণগঞ্জে একটি বিক্ষোভ সমাবেশ থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
চার দফা দাবিতে দেশের বিভিন্ন মহানগরে বিক্ষোভ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এর অংশ হিসেবে চলতি মাসে নারায়ণগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে দলটির। ওই সমাবেশেই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আলী আহসান জুনায়েদের প্রার্থিতা ঘোষণা করা হতে পারে। দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে।
আলী আহসান জুনায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন মহানগর জামায়াতের আমির ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার। স্থানীয় নির্বাচনে দুই দলের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলটির মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার জানান, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। ভালো ফল অর্জনের লক্ষ্যে মাঠপর্যায়ে কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয় নির্বাচনকে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলের ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলীয় পরিচিতি ছড়িয়ে দেওয়ার সুযোগ হিসেবে দেখছে এনসিপি।
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে এনসিপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ করা যাচ্ছে। দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার পর স্থানীয় পর্যায়ে প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে। ঘোষিত সমাবেশে বড় জনসমাগম ঘটিয়ে প্রার্থীর আনুষ্ঠানিক পরিচিতি তুলে ধরতে চায় দলটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন