নভেম্বর ১০, ২০২৬, ১০:৪৯ এএম
দেশের ৯টি আর্থিক প্রতিষ্ঠানের আটকে থাকা আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট আমানতকারীদের অর্থ পরিশোধের জন্য সরকারের কাছে ২৭০০ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই অর্থ চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমানতকারীরা নির্দিষ্ট সীমার মধ্যে তাঁদের অর্থ ফেরত পাবেন। দীর্ঘ দিন ধরে এসব প্রতিষ্ঠানে টাকা রেখে তুলতে না পেরে আমানতকারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যে নয়টি প্রতিষ্ঠানের জন্য অর্থ চাওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই নয় প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের আমানতকারীদের জন্য জরুরি ভিত্তিতে প্রায় দেড় হাজার কোটি টাকা প্রয়োজন। বাকি পাঁচ প্রতিষ্ঠানের জন্য আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা দরকার।
প্রতিষ্ঠানগুলোর বর্তমান আইনি ও প্রশাসনিক অবস্থাও ভিন্ন ভিন্ন। এর মধ্যে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা আদালতে চলমান রয়েছে। পাশাপাশি ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সকে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে এবং সেখানে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি ও প্রিমিয়ার লিজিংকে ব্যবসায়িক সক্ষমতা প্রমাণের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।
রেজোল্যুশনের আওতায় থাকা চার প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে ১ হাজার ১১৬৭ কোটি টাকা প্রয়োজন হবে। এর বাইরে প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ ফেরতে প্রায় ১৯০ কোটি, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি টাকা দরকার। এই চার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ৭৪৫ কোটি টাকা প্রয়োজন আভিভা ফাইন্যান্সের জন্য। এ ছাড়া ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য ৫৫০ কোটি, এফএএস ফাইন্যান্সের জন্য ৮৫ কোটি এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি টাকা চাওয়া হয়েছে।
অন্যদিকে রেজোল্যুশন প্রক্রিয়ার বাইরে থাকা পাঁচ প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত দিতে লাগবে প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের জন্য ৭১২ কোটি টাকা প্রয়োজন হলেও মামলা চলমান থাকায় এই মুহূর্তে প্রতিষ্ঠানটির জন্য কোনো অর্থ চাওয়া হচ্ছে না। বাকি চার প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৭ কোটি, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৯ কোটি, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৮ কোটি এবং বিআইএফসির জন্য ৫২ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত চারটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি স্কিম তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় প্রাথমিকভাবে ব্যক্তি আমানতকারীদের মূল টাকার নির্দিষ্ট হারে অর্থ ফেরত দেওয়া হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, এই চার প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছানোর কারণে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ ফেরতের এই প্রস্তাব নিয়ে সরকারের ভেতরেও নানা আলোচনা চলছে। অর্থ বিভাগের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা মনে করেন, ব্যাংকের আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পেলেও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সীমা ১০ লাখ টাকা, যা এক ধরনের নীতিগত বৈষম্য। এত বড় অঙ্কের অর্থ সরকারি কোষাগার থেকে জোগান দিলে রাষ্ট্রের ওপর কতটা চাপ পড়বে, তা নিয়েও পর্যলোচনা চলছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি ও আমানতকারীদের দুর্ভোগের বিষয়টি সরকারকে জানানো হয়েছে এবং এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন