বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাজধানীর মিরপুরে পৃথক স্থানে পার্কিং করা তিন বাসে অগ্নিসংযোগ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১১:২৫ এএম

রাজধানীর মিরপুরে পৃথক স্থানে পার্কিং করা তিন বাসে অগ্নিসংযোগ

মিরপুরে বাসে অগ্নিসংযোগের পর পরিদর্শনের দৃশ্য।

রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি বাসই বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন বাসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. রিপন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, খবর পাওয়ার পর তাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এই বাসের পেছনের অংশের সিট, কাভার ও জানালার গ্লাস পুড়ে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে অপর একটি ঘটনায়, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করে রাখা আরও দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাস দুটি হলো বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণ। স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিচ্ছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। আগুনে বিকল্প পরিবহণের সমস্ত সিট, গ্লাস ও বডি পুড়ে প্রায় আট থেকে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অভিজাত পরিবহণের পেছনের জানালার গ্লাস ও সিট পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।