বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১০:২৫ এএম

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তোলপাড়।

ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। গুলিটি তার মাথায় লাগে। আহত সেনাসদস্য সৌরভ তোমর বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ছুটি কাটাতে তিনি নিজ গ্রামে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দীপাবলি উপলক্ষে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন সৌরভ তোমর। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই সেই কথা-কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ উঠেছে, উত্তেজনার একপর্যায়ে ধীরজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে দেয়ালে আঘাত করার পর সৌরভের মাথায় লাগে। তার কানের ঠিক পেছনে গুলিটি বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

একই সময়ে ধীরজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এই পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। হঠাৎ গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান। এই সুযোগে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়িত দুই পক্ষের মধ্যে আগে থেকেই সুসম্পর্ক ও পরিচয় ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে এর আগে প্রায় দুই মাস আগেও তাদের মধ্যে একবার বিরোধের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

আহত সেনাসদস্য সৌরভ তোমর ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি দেশটির রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে কর্মরত আছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত এই বাহিনীতে দায়িত্ব পালন করা সৌরভ দীপাবলি উদ্‌যাপনের জন্য ছুটিতে নিজ গ্রামে ফিরেছিলেন।