বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নির্ধারণ আজ

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৯:৪১ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নির্ধারণ আজ

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের বাজে পারফরম্যান্সের কারণে তার কোচিং ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোনাকোয় অনুষ্ঠেয় এই বৈঠকে ক্লাবটির মালিক স্যার জিম র্যাটক্লিফ এবং শীর্ষ নির্বাহী ওমর বেরাদা ও জেসন উইলকক্স উপস্থিত থাকবেন। অ্যাস্টন ভিলার সঙ্গে চার-চার গোলে ড্র করার পর প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে নেমে গেছে রেড ডেভিলরা।

চলতি মৌসুমের শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স আশানুরূপ নয়। ৩০ পয়েন্টের মধ্যে মাত্র আট পয়েন্ট নিয়ে দলটি টেবিলের নিচের দিকে অবস্থান করছে। চ্যাম্পিয়নস লিগেও তাদের অবস্থা খুব একটা ভালো নয়, ১২ পয়েন্টের মধ্যে ছয় পয়েন্ট নিয়ে তারা ১৭তম অবস্থানে রয়েছে। এর আগে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়ানো এবং অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র করার সুবাদে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও ক্লাব পরিচালনা পর্ষদের মনঃপূত হয়নি।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটির প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করার সুপারিশ করতে পারেন। এমতাবস্থায় ক্যারিকের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সম্ভাব্য নতুন কোচ হিসেবে এডি হাউ, জুলিয়ান নাগেলসমান, আন্তোনিও কন্তে এবং মাউরিসিও পচেত্তিনোর নাম জোরালোভাবে আলোচনায় আসছে। যদিও পচেত্তিনো বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্বে রয়েছেন এবং ২০৩০ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে।

ইউনাইটেড কর্তৃপক্ষ আগামী ২২ নভেম্বর লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে ম্যাচের আগেই নতুন কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে চায়। মাইকেল ক্যারিক অবশ্য দলের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক আলোচনা সত্ত্বেও যথারীতি দলের অনুশীলনে উপস্থিত ছিলেন। তবে মোনাকোর আজকের বৈঠকে মালিকপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ওল্ড ট্রাফোর্ডের এই ইংলিশ কোচের ভাগ্য।