বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
আইজিপির কড়া নির্দেশনা

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১০:০০ এএম

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা ঠেকাতে কড়া নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশ দেন। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আইজিপি স্পষ্টভাবে উল্লেখ করেন, পেশাদারত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের কঠোরহাতে দমন করে আইনের আওতায় আনতে হবে। তবে একই সঙ্গে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে জানান, কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ পুলিশের কোনো ধরনের হয়রানির শিকার না হন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশের বিভিন্ন স্থানে মোট ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার মতো নাশকতামূলক ঘটনা ঘটে।

এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতোমধ্যে সারা দেশে মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে।