অক্টোবর ২৮, ২০২৬, ০৭:৪৫ পিএম
পুলিশ মহাপরিদর্শকের বক্তব্য ঘিরে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষাপটে শব্দচয়ন নিয়ে তাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কঠোর প্রয়োগ ও কঠোরতা বোঝাতে আইজিপি অসতর্কভাবে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপির মন্তব্যের ব্যাখ্যা পরবর্তীতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে। সেখানে তিনি ক্রসফায়ারের নির্দেশনা পেয়েছেন বা নিজে তা করতে চান—এমন কথা বলেননি। তবুও এ ধরনের শব্দচয়ন করা তার সঠিক হয়নি এবং সে বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে।
বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জোর দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সরকারের আট মাসের মেয়াদে দেশে কোনো ক্রসফায়ার, হেফাজতে মৃত্যু বা গুমের ঘটনা ঘটেনি। একটি অভিযোগ পাওয়া গেছে এবং সেটির বিষয়ে তদন্ত চলছে। ওই ঘটনায় সরকার মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছে, তবে এখনো কেউ সুনির্দিষ্ট অভিযোগ দেয়নি।
এর আগে গত ২৬ অক্টোবর পুরান ঢাকার চকবাজারে একটি বেসরকারি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেন পুলিশপ্রধান আলী হোসেন ফকির।
সেখানে তিনি বলেন, কে আসবে, আপা কবে আসবে, কী হবে—তা আইন-শৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় নয়। আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, পুলিশ তাই করবে। সেখানে প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে ক্রসফায়ারও করা হবে বলে তিনি মন্তব্য করেন।
তার ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পরিস্থিতি স্পষ্ট করতে ওই দিন সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বক্তব্যে ব্যবহৃত ‘ক্রসফায়ার’ শব্দটি মূলত আইন প্রয়োগের সর্বোচ্চ কঠোরতা বোঝাতে রূপক অর্থে উল্লেখ করেছিলেন পুলিশপ্রধান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন