বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
নিরাপদ সড়ক দিবস

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

শহিদুল ইসলাম

অক্টোবর ২৮, ২০২৬, ০৮:২৫ পিএম

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

ছবি: দিনাজপুর টিভি

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

সভায় বক্তারা বলেন, সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চালানো, চালকদের অসতর্কতা এবং প্রচলিত ট্রাফিক আইন অমান্য করার মানসিকতাই অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনা প্রতিরোধে কেবল চালকদের ওপর নির্ভর না করে যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আলোচকরা।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দক্ষতার সাথে যানবাহন পরিচালনার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে জেলার পাঁচজন আদর্শ ও দক্ষ চালককে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ।

এছাড়া কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি আল-আমিন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন ও ট্রাফিক ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান আলোচনায় অংশ নেন। স্থানীয় বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।