অক্টোবর ২৮, ২০২৬, ০৩:৩৩ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের সংসদীয় উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পুরো নির্বাচনি এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ তৎপরতা শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাহিনীর বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, আসনটির মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ এবং বাকি ৭০টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।
নির্বাচনি দায়িত্ব পালন প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, স্থানীয় বেসামরিক প্রশাসন এবং অন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পারস্পরিক নিবিড় সমন্বয় রেখে মাঠে সক্রিয় রয়েছেন তাদের সদস্যরা। ভোটগ্রহণের চার দিন আগে অর্থাৎ গত ২৫ অক্টোবর থেকেই নিরাপত্তা মহড়া ও তৎপরতা শুরু হয়েছে। ভোটের দিন এবং পরবর্তী দুই দিনসহ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাহিনীটির সদস্যরা নির্বাচনি মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুরো নির্বাচনি এলাকায় ছয়টি মোবাইল টহল দল এবং দুটি রিজার্ভ টহল দল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
এসব নিরাপত্তা দল নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে এলাকার সার্বিক গতিবিধি পর্যবেক্ষণ করবে, সন্দেহভাজন ব্যক্তি ও অনাকাঙ্ক্ষিত বস্তুর উপস্থিতি শনাক্ত করবে এবং উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে কার্যকর পদক্ষেপ নেবে।
সাধারণ টহলের পাশাপাশি প্রযুক্তিগত নজরদারির ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে আকাশপথ থেকে ভোটকেন্দ্রগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। এছাড়া যেকোনো সন্দেহজনক বস্তু পরীক্ষা ও বিস্ফোরক হুমকি প্রতিরোধে মাঠে কাজ করছে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন