অক্টোবর ২৮, ২০২৬, ০৩:২৪ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘হাত ধোয়ার নায়ক হোন’। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল সরাসরি প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. ফয়েজ ইমতিয়াজ।
আলোচনা সভায় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস।
বক্তারা দৈনন্দিন জীবনে রোগবালাই থেকে মুক্ত থাকতে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার ওপর বিশেষ জোর দেন। খাবার গ্রহণ করার আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং প্রতিদিনের বিভিন্ন কাজকর্ম শেষে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার কার্যকর অভ্যাস গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে শৈশব থেকেই শিশুদের এই স্বাস্থ্যসম্মত অভ্যাসে অভ্যস্ত করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের নির্দেশ দেন বক্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন