বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
ষড়যন্ত্রের শঙ্কা

গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ০৯:৩৪ পিএম

গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

দেশ ও দেশের বাইরে অবস্থান নিয়ে গুপ্ত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীগুলো নানা ষড়যন্ত্রের জাল বুনছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে এসব অপশক্তি টার্গেট করতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করে তিনি দলমত-নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কোনো কুচক্রী অপশক্তি যাতে দেশের আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সর্বস্তরের মানুষকে সজাগ থাকতে হবে। সারা দেশে যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করেন রিজভী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

খন্দকার আবু আশফাক স্মৃতিচারণ করে বলেন, তাঁর চাচাতো ভাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পোখরাজ প্রত্যন্ত এই অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। সেই সময় সংশ্লিষ্ট ইউনিয়নে কোনো বিদ্যালয় ছিল না। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি এই মহতী উদ্যোগ নিয়েছিলেন। একই সাথে তিনি অবহেলিত এই জনপদের রাস্তাঘাটসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ নির্দেশনা দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় সারা দেশের প্রতিটি মন্দিরে ছাত্রদলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে হবে। সবাইকে রাত জেগে মন্দির পাহারা দিতে হবে। দলীয় এই নির্দেশনার কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সাংগঠনিকভাবে কঠোর জবাবদিহি নিশ্চিত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্রবধূ তাহমিনা আদনান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, কেপি উচ্চবিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, প্রধান শিক্ষক মো. শাহ আলম, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর এবং ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব।

পরবর্তীতে দোহার উপজেলার জয়পাড়া কলেজ ছাত্রদল আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রুহুল কবির রিজভী।

সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে ছাত্রসংগঠনকে পরিচালিত করতে হবে। রাজনীতিকে কেবল শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর ইতিবাচক চর্চা গড়ে তুলতে হবে।