বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

দক্ষ চালক তৈরিতে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর করলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ১০:৩৩ পিএম

দক্ষ চালক তৈরিতে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর করলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গাড়িচালক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অনুষ্ঠানে বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের হাতে নতুন প্রশিক্ষণ গাড়ি তুলে দেওয়া হয়। ‍‍`দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (প্রথম সংশোধিত)‍‍` শীর্ষক প্রকল্পের আওতায় এই গাড়িগুলো হস্তান্তর করা হয়।

আন্তর্জাতিক শ্রমবাজারে অদক্ষ কর্মী পাঠানোর পরিচিত অপবাদ দূর করাকে বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন মন্ত্রী। আরিফুল হক চৌধুরী জানান, প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। আগামী তিন মাস পর প্রতিটি কেন্দ্রের অগ্রগতির মূল্যায়ন হবে এবং যেসব প্রতিষ্ঠান বেশি দক্ষ চালক তৈরি করতে সক্ষম হবে, তাদের বিশেষ স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে।

বিশ্বের অনেক দেশেই সড়কের বামপাশে গাড়ি চালানোর নিয়ম রয়েছে। এর ফলে দেশ থেকে যাওয়া অনেক অভিজ্ঞ চালকও বিদেশে গিয়ে মারাত্মক জটিলতায় পড়েন। তাই দেশের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেই বামপাশে গাড়ি চালানো, আধুনিক নেভিগেশন ব্যবস্থা, ডিজিটাল রোড ম্যাপ, ট্রাফিক সংকেত এবং যানবাহনের মৌলিক যান্ত্রিক মেরামতের ওপর বাস্তবভিত্তিক ও হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন মন্ত্রী।

প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা ও বিশেষ করে চোখ পরীক্ষার ওপর সর্বোচ্চ জোর দেওয়ার তাগিদ দেন তিনি। চোখের দৃষ্টিতে সমস্যা থাকলে প্রবাসে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়া অসম্ভব হয়ে পড়ে। যাদের দৃষ্টিসীমায় দুর্বলতা রয়েছে, তাদের গাড়িচালনার বদলে অন্য কোনো উপযোগী কারিগরি ট্রেডে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

গাড়িচালনায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক ধাপে নিরাপদ ও উন্মুক্ত স্থানে নতুনদের গাড়ি চালানো শেখাতে হবে। একই সঙ্গে সরকারি অর্থায়নে দেওয়া প্রশিক্ষণ গাড়িগুলোর সার্বক্ষণিক পরিচর্যা ও সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল হক চৌধুরী এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ।

অনুষ্ঠানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের আটটি বিভাগের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষরা অংশ নেন।