সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

আমান উল্লাহ আমানের হুঁশিয়ারি জনগণের ভোটাধিকার হারাতে দেওয়া হবে না

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৬, ০৫:১৪ পিএম

আমান উল্লাহ আমানের হুঁশিয়ারি জনগণের ভোটাধিকার হারাতে দেওয়া হবে না

বাংলাদেশ যখন কূটনৈতিক সাফল্য অর্জন করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটাধিকার রক্ষায় কোনো ছাড় নয়।

আমান উল্লাহ আমান বলেন, গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে কৃত্রিম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে বাংলাদেশের জনগণ নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে, সেই অধিকার কোনো অবস্থাতেই কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না।

শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন, তাঁর রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়ে যে গণতন্ত্র ফিরে পেয়েছিল, সেই অর্জন যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। দেশের মানুষ কোনো অশুভ চক্রান্ত মেনে নেবে না এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

আন্দোলনের দীর্ঘ ইতিহাস তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শহীদ জেহাদের আত্মাহুতির পর অর্জিত গণতন্ত্র গত ১৭ বছরে বারবার বাধাগ্রস্ত ও ভূলুণ্ঠিত হয়েছে। এর ফলে জনগণকে আবারও রাজপথের কঠোর আন্দোলনে নামতে হয়। লন্ডন থেকে তারেক রহমান সেই সংগ্রামের নেতৃত্ব দিয়ে জাতীয় দাবিকে এক দফায় রূপ দেন। সেই দীর্ঘ লড়াইয়ে এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন এবং হাজারো ছাত্র-জনতা আত্মাহুতি দিয়েছেন।

সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আবু সাঈদসহ বহু মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়। পরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তারেক রহমানকে বেছে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব নাজিম উদ্দীন আলম, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুর রহমান হাবিব, খন্দকার লুৎফর রহমান এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ সময় শহীদ নাজির উদ্দিন জেহাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মোনাজাত করেন।