সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁও ১ উপনির্বাচনে প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ দেলাওয়ারের

তানভীর হাসান তানু

অক্টোবর ১২, ২০২৬, ০৫:২২ পিএম

ঠাকুরগাঁও ১ উপনির্বাচনে প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ দেলাওয়ারের

ছবি: দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা প্রদান এবং সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। সোমবার দুপুরে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই অভিযোগ করেন।

ভয়ভীতি দেখিয়ে জনসমর্থন ঠেকানো যায় না বলে তিনি মন্তব্য করেন।

দেলাওয়ার হোসেন বলেন, যারা সাধারণ জনগণকে ভয় পায়, কেবল তারাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্বাভাবিক প্রচারণায় পরিকল্পিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠাতব্য নির্বাচনে ভোটাররা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে অবস্থান নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি। নির্বাচিত হতে পারলে রুহিয়া এলাকায় একটি পূর্ণাঙ্গ মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বাসিন্দারা মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দাঁড়িপাল্লা প্রতীক জয়ী হলে স্থানীয় বাসিন্দাদের সামগ্রিক জীবনমান উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে।

রুহিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধানসহ স্থানীয় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।