অক্টোবর ১৫, ২০২৬, ০৯:৩৮ পিএম
মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ অঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, প্রকল্পটির নির্মাণকাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে।
নির্ধারিত সময়সীমার মধ্যে আধুনিক এই উড়ালসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের মধ্যকার যোগাযোগব্যবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজ, দ্রুত ও স্বস্তিদায়ক রূপ নেবে। পরিদর্শনকালে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, একটি নিষিদ্ধ রাজনৈতিক দল এখন আড়ালে-আবডালে বিচ্ছিন্নভাবে মিছিল-সমাবেশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তবে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার এবং দেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে তারা কোনো প্রকার বিশৃঙ্খলা বা বিঘ্ন ঘটাতে পারবে না।
শেখ রবিউল আলম আরও স্পষ্ট করে বলেন, সাধারণ জনগণের কাছে প্রত্যাখ্যাত এবং রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠন যদি আইন অমান্য করে কোনো ধরনের প্রকাশ্য কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালায়, তবে বিষয়টি মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোরভাবে মোকাবিলা করবে। পরিস্থিতি অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মহাসড়কে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে মন্ত্রী জানান, বর্তমানে দেশের জাতীয় মহাসড়কগুলোকে উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এআই ক্যামেরার সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে।
পর্যায়ক্রমে সব জেলা ও আঞ্চলিক মহাসড়ককেও এআই ক্যামেরার নিশ্ছিদ্র নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়কে ট্রাফিক আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং জেলা পুলিশ সুপার মেনহাজুর আলম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন