ইব্রাহীম খলিলুল্লাহ
অক্টোবর ১৫, ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: দিনাজপুর টিভি
রংপুরে শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে মাঠে থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রংপুর মহানগরীর পায়রা চত্বর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী করুণাময়ী কালিবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান বিজিবির উপ-মহাপরিচালক ও রংপুর সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান।
মণ্ডপ পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
কর্নেল রুবায়েত হাসান জানান, প্রতিটি পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ জনপদেও বিজিবি সদস্যদের সতর্ক নজরদারি ও টহল অব্যাহত রাখা হয়েছে।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং ধর্মীয় উৎসবের শান্তি অক্ষুণ্ণ রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ চলছে।