জাহিদ হাসান
অক্টোবর ১৫, ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা পিকআপ, ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর-৩৪৫৫)-এর বীরগঞ্জ থানা শাখার শ্রম-কল্যাণ উপকমিটির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বীরগঞ্জ পৌর শহরের হাটখোলা বাঁশহাটির পশ্চিম পাশে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বীরগঞ্জ থানা শ্রম-কল্যাণ উপকমিটির সভাপতি মো. মাসুদ আলমের সভাপতিত্বে এবং বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সুজন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণবিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমিরুল বাহার বলেন, একসময় শ্রমিকদের মধ্যে মাদক সেবন নিয়ে নানা নেতিবাচক ধারণা সমাজে প্রচলিত ছিল, তাই যেকোনো মূল্যে সর্বনাশা মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। মাদকাসক্তি একজন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
তিনি উপস্থিত শ্রমিকদের উদ্দেশে বলেন, কমিটির সভাপতি মাসুদ আলমসহ সংশ্লিষ্ট সবাই তাঁর পরিচিত এবং পরিবহন শ্রমিকদের যেকোনো বিপদ-আপদ ও ন্যায়সঙ্গত সংকটে তিনি সবসময় পাশে থাকবেন। যানবাহন চলাচলে শৃঙ্খলা ও আইনি সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের বিশেষ অতিথি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বীরগঞ্জে পরিবহন শ্রমিকদের শ্রম-কল্যাণ উপকমিটির পৃথক কার্যালয় যাত্রা শুরু করা অত্যন্ত ইতিবাচক। তবে সড়কে চলার সময় পরিবহন শ্রমিকদের নিজেদের যানবাহনের প্রয়োজনীয় সব ধরনের বৈধ কাগজপত্র হালনাগাদ ও সঠিক রাখতে হবে। যেকোনো আইনি বা পেশাগত প্রয়োজনে বীরগঞ্জ থানা-পুলিশ শ্রমিকদের পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে শ্রম-কল্যাণ উপকমিটির ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন সভাপতি মো. মাসুদ আলম, কার্যকরী সভাপতি মো. সুজন আলী, সহসভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, সহসাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম (সজীব), সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. আল মামুন, সড়ক সম্পাদক ছবি আলম বাবু, সহসড়ক সম্পাদক মো. নূর আলম এবং প্রচার সম্পাদক মো. ইলিয়াস বাবু।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. রায়হান (টুটুল), মো. মিজানুর রহমান, মো. সাইদুর রহমান ও মো. সুমন।
নতুন এই কার্যালয় চালুর মধ্য দিয়ে স্থানীয় পরিবহন শ্রমিকদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।