অক্টোবর ১৪, ২০২৬, ০৭:০৯ পিএম
দিনাজপুর জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে দিনাজপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই ব্যবহারিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নায়েক ও কনস্টেবল পদমর্যাদা থেকে সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) এবং সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদা থেকে উপপরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি দেওয়ার লক্ষ্যে এই আনুষ্ঠানিক পরীক্ষার আয়োজন করা হয়। মাঠপর্যায়ে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাগত শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও কার্যকর দায়িত্ব পালনের সার্বিক দক্ষতা নিবিড়ভাবে মূল্যায়ন করা হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুরো পরীক্ষা কার্যক্রম পরিচালনা ও তদারকি করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। পরীক্ষা চলাকালে পদোন্নতি বোর্ডের অন্যান্য সদস্যরাও মূল্যায়ন কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন।
এ সময় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবা। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই সরকার এবং দিনাজপুর পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) মো. হাবিবুর রহমান পরীক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন