অক্টোবর ১৪, ২০২৬, ০৩:৪৮ পিএম
দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে দরিদ্র মানুষের আর্থ-সামাজিক অবস্থার রূপান্তর ও অধিকার আদায়ের লক্ষ্যে মোল্লাপাড়া জনসংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা ও সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। যাদের কিছু নেই, যাদের কেউ নেই-তাদের সাথে আমরা"—এই স্লোগানকে ধারণ করে বুধবার (১৪ অক্টোবর) মোল্লাপাড়া জনসংগঠন সদর দিনাজপুরের উদ্যোগে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সদর উপজেলা সমবায় অফিসার এবং ১০ নম্বর কমলপুর ইউনিয়নের প্রশাসক মো. জয়নাল আবেদিন জানান, প্রান্তিক পল্লীর সুবিধাবঞ্চিত নারী ও পুরুষের টেকসই উন্নয়ন এবং জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ চলছে।
তিনি উল্লেখ করেন, উন্নয়ন সংগঠন সিডিএ মূলত সহায়ক ও কার্যকর পরামর্শকের দায়িত্ব পালন করছে। স্থানীয় প্রশাসনের সাথে জনসংগঠনের এই যৌথ অংশীদারত্ব ও চুক্তি স্বাক্ষরের ফলে গ্রামের সাধারণ মানুষের ক্ষমতায়ন জোরদার হবে, স্থানীয় সম্পদের টেকসই ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং রাষ্ট্রের সব ধরনের নাগরিক সেবা সরাসরি ভোগের যোগসূত্র নিশ্চিত হবে।
মোল্লাপাড়া জনসংগঠনের সদস্য হরিপদ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য নাসির উদ্দিন সরকার, খানপুর জনসংগঠনের সভা প্রধান মো. মমিনুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি ইসমাইল হোসেন, খানপুর জনসংগঠনের নেত্রী রিপা রানী, সংগঠনের সংসদীয় পর্যায় সভা প্রধান মো. মোখলেসুর রহমান, সহ-সভাপতি সন্ধ্যা রানী এবং মহিলা ইউপি সদস্য প্রার্থী মোছা. মহসিনা আক্তার।
স্বাগত বক্তব্য ও পুরো আয়োজনের সঞ্চালনা করেন সিডিএ-র আঞ্চলিক সমন্বয়কারী মনা বাবু।
তিনি জানান, মোল্লাপাড়া গ্রামের প্রকৃত ভূমিহীন সদস্যদের তালিকা প্রস্তুত করে প্রচলিত সরকারি নীতিমালা মেনে স্থানীয় প্রশাসনের সহায়তায় খাসজমি বন্দোবস্ত ও ভূমি প্রদানের স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর পাশাপাশি প্রান্তিক জনপদে বসবাসরত মানুষদের বহুমুখী কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন