অক্টোবর ১৩, ২০২৬, ১১:০৫ পিএম
দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সাধারণ ত্রাণ বা জিআর প্রকল্পের চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তুলতে হবে। সবকিছুর ঊর্ধ্বে সবার আগে বাংলাদেশ এবং এই দেশ প্রতিটি নাগরিকের। দুর্যোগ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, দুর্যোগ মানুষের জীবনের একটি স্বাভাবিক অংশ হলেও সম্মিলিত প্রচেষ্টায় এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়ার প্রশংসা করে তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ, ভূমিকম্পে উদ্ধারকাজ এবং অগ্নিকাণ্ড থেকে ঘরবাড়ি রক্ষার যে কৌশল মহড়ায় প্রদর্শিত হয়েছে, তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।
দুর্গাপূজার প্রস্তুতি প্রসঙ্গে সংসদ সদস্য জানান, অতীতে প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ উন্নয়ন কাজের জন্য প্রধানমন্ত্রীর কাছে চার কোটি টাকা চেয়েছিলেন, কিন্তু তিনি তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। পূজা পালনে যাতে কোনো আর্থিক সংকট তৈরি না হয়, সে জন্য সরকার পাশে রয়েছে। স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা দিচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা মণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি বাবুল হোসেন ও পৌর সভাপতি লিয়াকত আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মির্জা গোলাম সাহেরুল আলম, উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হিরা ও দপ্তর সম্পাদক লুৎফর রহমান।
এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায় এবং সদস্য সচিব মনোজ কুমার রায় বক্তব্য দেন।
আলোচনা সভার আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুর্যোগ প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চালের বরাদ্দপত্র পূজা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন