বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,

বিরলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

আতিউর রহমান

নভেম্বর ২৬, ২০২৬, ০৬:২৪ পিএম

বিরলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি। ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আকতার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হীরা ও নারী উদ্যোক্তা রোজিনা বেগম।
আলোচনা শেষে উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য তিনজন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, সড়ক র‍্যালি, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান ক্যাম্প এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ায় বিনামূল্যে কৃমিনাশক বিতরণ করা হবে। তৃতীয় দিনে নাড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় মিল্ক ফিডিং কর্মসূচি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা পরিষদ হলরুমে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচির লক্ষ্য প্রাণিসম্পদের উন্নয়ন, পশুপাখির স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানো এবং জনসচেতনতা তৈরি করা।