নভেম্বর ২৬, ২০২৬, ০৫:৫৩ পিএম
রংপুরে চারজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ। তদন্তকারী সংস্থার ভাষ্য, চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে বাধাপ্রাপ্ত হয়ে এই ঘটনা ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ জানিয়েছে, গত ২২ নভেম্বর এই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। মামলার ডকেটের প্রয়োজনীয় আলামত ও উদ্ধারকৃত মালামাল আদালতে জমা দিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা জানান, মামলার প্রধান দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। তাদের দেখানো মতে বাসা থেকে চুরি যাওয়া কিছু স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত গণপতি স্যার চলতি বছর অবসরে যাওয়ায় তার কাছে অনেক টাকা রয়েছে বলে এলাকায় প্রচার ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী নিয়মিত স্বর্ণালংকার ব্যবহার করতেন। টাকা ও গহনা লুটের উদ্দেশ্যেই বাড়িটি টার্গেট করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তে আরও উঠে এসেছে, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকে পরিবারের হাতে ধরা পড়েছিল। দরবারের পর সে পরিবারটিকে হুমকি দিয়েছিল। এর আগে পাশের তাঁতিপাড়ায় দিনেদুপুরে চুরি করতে গিয়ে দুই আসামি গণপিটুনির শিকার হয়েছিল বলেও তদন্তে জানা গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আসামিরা ছাদে অপেক্ষা করছিল। শব্দ শুনে গণপতি স্যার ছাদে উঠে তাদের ধরে ফেললে তার মৃত্যু ঘটানো হয়। পরে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী ছাদে উঠে এলে তাদেরও মৃত্যু ঘটানো হয়। গ্রেপ্তারের পর সিদ্ধার্থ দাসের শরীরে ধস্তাধস্তির আঁচড়ের চিহ্ন পেয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন