বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
কিশোরী উদ্ধার

বিয়ের প্রলোভনে পাচারের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৫:৩৬ পিএম

বিয়ের প্রলোভনে পাচারের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার

উদ্ধার অভিযান। ছবি: দিনাজপুর টিভি

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী ও তরুণীদের চীনে পাচারের অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরায় অভিযান চালিয়ে এক স্কুলছাত্রীকে অক্ষত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা এক মামলায় চীনা নাগরিক চেং ইয়াংকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিন মাসে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ জন বাংলাদেশি কিশোরী ও তরুণীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল সে।

পুলিশ জানিয়েছে, সূত্র বলছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিশোরী ও তরুণীদের টার্গেট করে আসছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে, পাসপোর্টের মাধ্যমে বিয়ের প্রলোভনে তাদের চীনে নিয়ে পাচারের পরিকল্পনা ছিল তার।

সম্প্রতি মানিকগঞ্জ সদর এলাকার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে একই প্রলোভন দেখিয়ে নিয়ে আসে সে। পরিবারের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, উত্তরার ৪ নম্বর সেক্টরের ২৩ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাট থেকে ওই স্কুলছাত্রীকে অক্ষত উদ্ধার করা হয়েছে। অভিযানকালে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। বাড়ির তত্ত্বাবধায়ক জানান, সেদিন সকাল ১০টার দিকে সে ছাত্রীটিকে নিয়ে আসে, রাত ৮টার দিকে পুলিশ সেখানে যায়।

তার পকেট থেকে ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে দাবি করেছে, তার ভিসার মেয়াদ পরদিন শেষ হওয়ায় চীনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির স্থানীয় সহযোগী বা দালালচক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।