নভেম্বর ২৬, ২০২৬, ০৫:০৭ পিএম
আম বয়ানের মধ্য দিয়ে পর্দা উঠেছে তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমার। ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এই জমায়েতের আনুষ্ঠানিক কার্যক্রম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া এই ইজতেমা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ইজতেমা ময়দানে সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও ওলামায়ে কেরামসহ সর্বস্তরের মুসল্লিরা সমবেত হচ্ছেন।
অংশগ্রহণকারীদের ভাষ্য, আত্মশুদ্ধি, হেদায়েত লাভ এবং বিশ্বমানবতার কল্যাণে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়াই এই জমায়েতের মূল উদ্দেশ্য।
ইজতেমায় দ্বীন, ঈমান ও সুন্নতের সঠিক তরতিব শেখার পাশাপাশি নামাজবিমুখ মানুষদের মসজিদমুখী করার বিষয়ে আলোচনা চলছে। অজু-গোসলসহ ইসলামের মৌলিক বিষয়গুলো সঠিকভাবে শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাবলীগ জামাতের এই আয়োজন থেকে অনেক মুসল্লি ১ চিল্লা ও ৩ চিল্লার জামাতে বের হয়ে দেশ-বিদেশে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আয়োজক ও মুসল্লিদের আশা, আগামীকাল শুক্রবার জুমার নামাজে রংপুর জেলার প্রায় ৫ থেকে ৬ লাখ মুসল্লির জামায়েত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন