নভেম্বর ২৬, ২০২৬, ০৪:১৬ এএম
রাজশাহীর হিমাগারগুলোতে এখনো দেড় লাখ টন আলু অবিক্রীত পড়ে আছে। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়, অথচ উৎপাদন ও হিমাগার ভাড়াসহ কেজিপ্রতি খরচ পড়েছে ২২ থেকে ২৫ টাকা। ফলে প্রতি কেজিতে গড়ে ১১ টাকা করে লোকসান গুনতে হচ্ছে চাষি ও ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে আর মাত্র চার দিন পর, ৩০ নভেম্বর শেষ হচ্ছে চুক্তি অনুযায়ী হিমাগারে আলু রাখার সময়। নতুন মৌসুমের আলু সংরক্ষণের প্রস্তুতির জন্য ডিসেম্বরের মধ্যেই হিমাগারগুলো খালি করতে হবে বলে মালিকেরা নোটিশ দিয়েছেন। সময়সীমা যত ঘনিয়ে আসছে, লোকসানের বোঝা মাথায় নিয়ে ততই দিশেহারা হয়ে পড়ছেন হাজারো চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ী।
রাজশাহী হিমাগার মালিক সমিতির হিসাবে, জেলার ৩৬টি হিমাগারে ৮০ লাখ বস্তায় প্রায় সাড়ে ৬ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে অর্ধেকের মতো খালাস হয়েছে। বাকি আলুর তিন ভাগের এক ভাগ বীজ হিসেবে ব্যবহৃত হবে; বাকি প্রায় দেড় লাখ টন আলু এখনো অবিক্রীত। জেলার খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি ১৫ থেকে ২০ টাকায়, কিন্তু চাহিদা কম থাকায় চাষি ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু বের করছেন না।
মোহনপুর উপজেলার বসন্তকেদার গ্রামের আলুচাষি শেখ মবিনুর রহমান পবা উপজেলার একটি হিমাগারে ২৫০ বস্তা আলু রেখেছিলেন। উৎপাদন থেকে হিমাগারে নেওয়া পর্যন্ত তার কেজিপ্রতি খরচ পড়েছে ২২ থেকে ২৫ টাকা। এখন সেই আলু পাইকারিতে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়। এই দরে আলু বেচে হিমাগারের ভাড়াই মেটানো যাচ্ছে না বলে জানান তিনি।
শেখ মবিনুর রহমান আরও বলেন, তার মতো হাজার হাজার আলুচাষির সামনে এখন উভয় সংকট। আলু ছাড়ালেও বিপদ, আবার হিমাগারে রাখলেও বিপদ। না তুললে হিমাগার মালিক নিলামে আলু বেচে ভাড়া উসুল করবেন বলে জানিয়ে দিয়েছেন।
বায়া এলাকার আলু ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, খুব বেশি হলে আর এক মাস সময় পাওয়া যাবে হিমাগার থেকে আলু তোলার জন্য। কিন্তু মাত্র এক মাসের মধ্যে বিপুল পরিমাণ আলু কীভাবে কোথায় বিক্রি করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তিনি জানান, তারা যে পরিমাণ আলু সংরক্ষণ করেছিলেন তার ৬০ ভাগই এখনো হিমাগারে রয়ে গেছে। আলু খালাস করে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারের ভাড়াও উঠছে না।
রাজশাহী হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত আলু রাখার সুযোগ আছে। আলুর বাজার পরিস্থিতি ও চাষিদের দুরাবস্থার কথা ভেবে হয়তো আরও কিছুদিন সময় দিতে হবে। তবে ডিসেম্বরের মধ্যে হিমাগার খালি করতেই হবে। গত বছর খালাসের জন্য মাইকিং করা হয়েছিল; পরিস্থিতি তেমন হলে এবারও নোটিশ দেওয়ার পর মাইকিং করা হবে বলে জানান তিনি।
বায়া এলাকার একটি হিমাগারের ব্যবস্থাপক আলী আশরাফ হোসেন জানান, নোটিশ দেওয়ার পরও চাষিরা আলু তুলছেন না। নির্ধারিত সময় পেরিয়ে গেলে নিয়ম অনুযায়ী নিলামে আলু বিক্রি করে বকেয়া ভাড়া আদায় করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম বলেন, গত দুই মৌসুম ধরেই এ অঞ্চলের আলুচাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবারও বিপুল লোকসানে পড়েছেন তারা। এই দামে আলু বেচে কোনোভাবেই খরচ তোলা সম্ভব নয়। অনেকেই আর আলু চাষ না করার কথা ভাবছেন বলে জানান তিনি।
একই চিত্র রংপুর অঞ্চলেও। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলে ১ লাখ ১৯ হাজার ৭৩৯ হেক্টর জমিতে ৩২ লাখ ৩০ হাজার ৬৮২ টন আলু উৎপাদন হয়েছে। মৌসুমের শুরুতে বিভাগের ১১৬টি হিমাগারে ১১ লাখ ৯ হাজার ৬৯২ টন আলু সংরক্ষণ করা হয়েছিল। মৌসুমের শেষ পর্যায়ে এসেও হিমাগারগুলোতে ৯ লাখ ৩৬ হাজার ২৮৩ টন আলু মজুত রয়ে গেছে।
রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি গ্রামের আলুচাষি আমিনুল ইসলাম হিমাগারে ৩০০ বস্তা আলু রেখেছেন। কেজিপ্রতি তার লোকসান হচ্ছে ১২ টাকা। তিনি বলেন, ধানের দাম নাই। আলু হামার কোমর ফ্যালে দেছে। ২০১৪ সাল থাকি সাতবার আলুত লস খাছি।
কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, চলতি মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে ১ কোটি ১৭ লাখ ৮৫ হাজার টন। সরকারি-বেসরকারি ৪০২টি হিমাগার ও ৭০৩টি অহিমায়িত মডেল ঘরে সংরক্ষণ করা হয়েছে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টন, যা মোট উৎপাদনের ২৮ দশমিক ৭৭ শতাংশ। আলুর দাম ধরে রাখতে গত ২৭ আগস্ট সরকারিভাবে হিমাগার গেটে প্রতি কেজি আলুর দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মাঠ পর্যায়ে সেই দাম মিলছে না; রংপুর অঞ্চলের হিমাগারগুলোতে আলু বিক্রি হচ্ছে গড়ে ১২ টাকায়, কোথাও কোথাও দাম নেমেছে ৯ থেকে সাড়ে ৯ টাকায়।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, আলুর দাম ১৩ টাকায় নেমে যাওয়ায় হিমাগার থেকে আলু বের হওয়ার গতি কমে গেছে। কৃষকের উৎপাদন ব্যয় প্রায় ২৫ টাকা, তাই লোকসানের ভয়ে তারা আলু তুলছেন না। কৃষক আলু না নিলে হিমাগার মালিকেরা ভাড়া পাবেন না, আবার পচন ঠেকাতে মেশিন চালিয়ে রাখায় তাদের পরিচালন ব্যয়ও বাড়বে বলে জানান তিনি।
জয়পুরহাটের চিত্র আরও করুণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার ২২টি হিমাগারে এবার ২ লাখ ৩৭ হাজার ২১২ টন আলু সংরক্ষণ ছিল। খালাসের সময়সীমা পেরিয়ে গেলেও সংরক্ষণের প্রায় অর্ধেক আলু এখনো হিমাগারেই রয়ে গেছে। সেখানে হিমাগার গেটে আলু বিক্রি হচ্ছে কেজি ৭ থেকে ৮ টাকায়, অথচ উৎপাদন, ভাড়া, পরিবহনসহ কেজিপ্রতি খরচ পড়েছে ২৮ টাকা। সংরক্ষিত আলু নিতে কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি এলাকায় মাইকিং করেও চাষি ও ব্যবসায়ীদের সাড়া পায়নি।
তবে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আগামী এক-দেড় মাসের মধ্যে আগাম জাতের নতুন আলু বাজারে উঠতে শুরু করবে। নতুন আলু এলে পুরোনো আলুর চাহিদা আরও কমে যাবে, তখন হিমাগারে পড়ে থাকা আলু বিক্রি করা আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন