নভেম্বর ২৬, ২০২৬, ০৩:২৭ এএম
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত নারী শিক্ষকরা বদলির আদেশের দাবিতে আমরণ অনশনে বসেছেন। বদলির আবেদন শেষ হওয়ার দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। বদলির আদেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দের ব্যানারে আমরণ অনশনে বসেন তারা।
গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু হওয়ার পর নির্ধারিত সময়ে আবেদন করেন শিক্ষকরা। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর থেকে তারা ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন।
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শিক্ষকরা। ১৩ সেপ্টেম্বর আবেদন শেষ হওয়ার পর ২৫ নভেম্বর পর্যন্ত দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। তারা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তন করতে চাইলে করা হোক, তবে নীতিমালা পরিবর্তনের নামে কালক্ষেপণ করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপণ করে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন তারা।
অনশনরত শিক্ষকরা জানান, নিজ জেলায় বদলিসহ বাড়ির কাছাকাছি বদলি করতে হবে। দ্রুত বদলি আদেশ জারি করতে হবে। ভিন্ন জেলায় চাকরি করার কারণে পারিবারিক কলহ তৈরি হচ্ছে।
বদলি প্রত্যাশী এক নারী শিক্ষক বলেন, ‘আমাদের চাকরি নীতিমালা হয়েছে। সরকার আমাদের বদলি চালু করেছে এবং আবেদন করেছি। এখন আমরা বদলির আদেশ চাই। আমরা আমাদের পরিবার কাছে ফিরতে চাই এবং সন্তানের কাছে ফিরতে চাই। আমার মতো অনেক শিক্ষিকা শুধু বদলির আদেশের জন্য রাস্তায় এসে বসেছেন।’
অনশনে বসা শিক্ষকদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের বাসিন্দা সেলিনা আক্তার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সিলেটের এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন তিনি।
সেলিনা আক্তার বলেন, ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বদলির আদেশ না হওয়ায় আমার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এবং আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও প্রায় তিন মাস হতে চলছে, অথচ বদলির আদেশ জারি হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমি যখন চাকরিতে যোগদান করি, তখন আমার সন্তানের বয়স ছিল চার বছর এবং বর্তমানে সে চতুর্থ শ্রেণিতে পড়ে। কর্মক্ষেত্রে থাকাকালীন সন্তানকে ঘরে তালা দিয়ে রেখে যেতে হতো। কখনো মাঝেমধ্যে সঙ্গে করে নিয়ে যেতাম। এতে সন্তানের শৈশব ও জীবন একটি উন্মুক্ত কারাগারের মধ্যে বন্দি হয়ে পড়েছে। সন্তানের সুস্থ জীবনের জন্য পরিবারের কাছে থাকা জরুরি। শুধুমাত্র এই বদলির কারণে আমার সংসার ভেঙে যাচ্ছে এবং সংসারে ভুল বোঝাবুঝির কারণেই আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি।’
সেলিনা আক্তার বলেন, ‘বারবার যাওয়ার পর শিক্ষামন্ত্রী আমাদের বদলির আবেদন নিয়েছেন, সেজন্য প্রথমে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশায় থাকতে থাকতে আমরা প্রতি সপ্তাহে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং তিনি বদলি হবে বলে আশ্বস্ত করলেও তিন মাস হতে চলেছে। এখনো আদেশ জারি হয়নি, কেন জারি হচ্ছে না তা আমরা জানি না।’
সন্ধ্যার পরও অনশনরত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। রাতেও সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে শিক্ষকদের চার সদস্যের একটি প্রতিনিধি দল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কক্ষে গিয়ে আলোচনা করেন। তবে আলোচনায় কোনো সমাধান হয়নি। সন্ধ্যার আগে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল প্রেস ক্লাবে আসার কথা ছিল।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালার কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে। কমিটির সভাপতি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। মাউশির মহাপরিচালক জানিয়েছেন, বদলির জন্য সফটওয়্যার তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই তা কার্যকর হবে।
বদলির আদেশ জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে বলে জানিয়েছেন অনশনরত শিক্ষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন