নভেম্বর ২৪, ২০২৬, ০৮:৩৩ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচন করা হবে এবং এ পদে আসতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়।
পরিপত্র অনুযায়ী, ম্যানেজিং কমিটির সভায় উপস্থিত নির্বাচিত সদস্যরা সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচন করতে পারবেন। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে নিজেদের মধ্য থেকে অথবা নির্ধারিত শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকে এ নির্বাচন করা যাবে।
কে কে সভাপতি হতে পারবেন, সে বিষয়েও স্পষ্ট করা হয়েছে। জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা সভাপতি হতে পারবেন।
অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারাও এ পদে আসতে পারবেন।
বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে কোনো ব্যক্তির বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় সরকার সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে বলে পরিপত্রে উল্লেখ রয়েছে।
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের প্রক্রিয়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্তসহ প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাবেন।
মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের একজন নারী প্রতিনিধিসহ তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ মনোনয়ন নিশ্চিত করবেন।
ঢাকাসহ দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
কমিটি গঠনের অন্যান্য ক্ষেত্রে ২০২৪ সালের সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করতে হবে। জনস্বার্থে জারি করা পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন