নভেম্বর ২৪, ২০২৬, ১২:৫১ পিএম
মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
এ বিষয়ে স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বাসসকে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করে পাঠাবে।
প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিতরণের ক্ষেত্রে একটি আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, কেবল জিপিএ-৫ নয়, বরং পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের প্রথম ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ও অনুপাত বিবেচনায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের কাঠামো অনুযায়ী সাধারণ অন্য ৮টি বোর্ডেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সবগুলো বোর্ডের চূড়ান্ত তালিকা এরইমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বাসসকে বলেন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরিতে এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম, সে অনুযায়ী আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ বাসসকে বলেন, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারীদের নিয়ে তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। তাদের শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বলেন, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গিয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে বর্তমান সরকার এই প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন