নভেম্বর ২৪, ২০২৬, ১১:৩২ এএম
সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব।
ভোরের আলো ফোটার আগেই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে জড়ো হতে থাকেন শত শত সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে প্রণাম এবং উলুধ্বনি দিয়ে সাগরের জলে পুণ্যস্নানে নামেন পুণ্যার্থীরা।
পুণ্য অর্জনের আশায় এবং পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনায় সমুদ্রপাড়ে প্রার্থনা করেন তারা।
সে সময় মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন পুণ্যার্থীরা। নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে এবারের রাস উৎসবের সমাপ্তি ঘটে।
উৎসব ঘিরে বরগুনা জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ছুটে আসেন। এতে দীর্ঘ সৈকতজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। ধর্মীয় আয়োজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রাখা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের রাস উৎসব এখন সর্বজনীন লোকজ উৎসবে রূপ নিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও উৎসবে সামিল হন।
এর আগের রাতে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল।
রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি রতন বিশ্বাস জানান, এবার শত শত নারী-পুরুষ ধর্মপ্রাণ মানুষ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্যস্নানে অংশ নিতে এসেছেন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন