নভেম্বর ২৪, ২০২৬, ১০:৫৮ এএম
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে সাবেক ক্লাবটির প্রতি আগের মতোই ভালোবাসা থাকার কথা জানিয়েছেন কেভিন ডি ব্রুইনা। প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে সম্ভাব্য শিরোপা হাতছাড়া করা ও আর্থিক জরিমানার শঙ্কার মধ্যে নাপোলির এই বেলজিয়ান মিডফিল্ডার মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ফিরছেন।
ক্লাবের এই পরিস্থিতি তাকে ব্যথিত করেছে।
টানা এক দশক ইতিহাদে কাটিয়ে ২০২৩ সালে ট্রেবলসহ মোট ১৬টি ট্রফি জিতেছিলেন তিনি। ২০২৫ সালে ফ্রি ট্রান্সফারে ইতালীয় সিরি আ ক্লাব নাপোলিতে যোগ দেন। শাস্তির কারণে সিটি অতীতের ঘরোয়া শিরোপা হারালেও নিজের অনুভূতি বদলাবে না বলে স্পষ্ট করেছেন তিনি।
ডি ব্রুইনা বলেছেন, অবশ্যই অনেক কিছু ঘটে চলেছে, কিন্তু এ বিষয়ে তার কিছুই বদলানোর নেই। খেলোয়াড় হিসেবে যা অর্জন করেছেন, তা নিয়ে গর্ব বোধ করেন এবং দিনশেষে এটিকেই নিজের ক্লাব মনে করেন।
মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের কথাও তুলে ধরেছেন তিনি। তার ভাষায়, মালিকদের তিনি ভালোবাসেন এবং ফুটবলের বাইরের নানা বিষয় নিয়েও কথা হয়েছে; এমনকি চেয়ারম্যান খালদুন আল মুবারাকের কাছে কীভাবে ক্লাব কিনতে হয়, সেটিও জানতে চেয়েছেন।
আর্থিক অনিয়মের অভিযোগে সিটিকে ঘিরে সমালোচনার প্রসঙ্গে ডি ব্রুইনা মনে করিয়ে দিয়েছেন, সবাই নির্দিষ্ট নিয়মের সীমার মধ্যে খেলে এবং তিনি নিজেও সাদা দাগের ভেতরেই নিজের খেলা সীমাবদ্ধ রেখেছেন। তার ধারণা, একজন ফুটবলার হিসেবে মানুষ তাকে যেভাবে দেখেছে বা দল হিসেবে তারা যেভাবে খেলেছে, সেটির মূল্যায়ন হঠাৎ বদলে যাবে না, যদিও প্রত্যেকের আলাদা মতামত থাকতে পারে।
সিটির জার্সিতে চারশোর বেশি ম্যাচে ১০৮ গোল করা এই তারকা এবার প্রতিপক্ষের হয়ে মাঠে নামলেও ইতিহাদের গ্যালারি থেকে তাকে অভিবাদন জানানোর প্রস্তুতি রয়েছে। ২০২৫ সালের মে মাসে ক্লাবের হয়ে শেষ হোম ম্যাচ খেলার পর তার সম্মানে স্টেডিয়ামের বাইরে একটি ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন