সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

মিথিলা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০৯:০৬ পিএম

মিথিলা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন

অভিনয় ও উন্নয়নকর্মের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মজীবন শুরু করে গবেষণার ব্যস্ততা ও ক্যাম্পাসের পরিবেশ উপভোগ করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অধ্যায়ের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি।

প্রায় দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেষে চাকরি ছাড়েন এই অভিনেত্রী। এরপর যুক্ত হন নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ বিভাগে অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট পদে দায়িত্ব পালন করছেন রাফিয়াত রশিদ মিথিলা।

কাজের ব্যস্ততার ফাঁকে কর্মস্থলে যাওয়ার পথে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ওই সময় তাকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কর্মস্থলে যাওয়ার পথে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিচিত প্রতীক হিসেবে পরিচিত আলমা মেটার নামের ব্রোঞ্জের নারী ভাস্কর্যের সামনেও দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। ভাস্কর্যটির ভঙ্গির সঙ্গে মিল রেখে ক্যামেরাবন্দি হন এই অভিনেত্রী। এভাবেই নতুন কর্মপরিচয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির ঐতিহ্য ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি।

নিউইয়র্কে পরিচালিত আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব প্রকল্পের নকশা প্রণয়ন এবং মূল্যায়নের কাজে নেতৃত্ব দেবেন রাফিয়াত রশিদ মিথিলা।