সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

জাতীয় স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের সহযোগিতা চান আমিনুল

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০৬:১৩ পিএম

জাতীয় স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের সহযোগিতা চান আমিনুল

দেশের ক্রীড়াঙ্গনের প্রধান ভেন্যু জাতীয় স্টেডিয়ামের পরিবেশ ও নিরাপত্তা ফেরাতে নিরাপত্তাকর্মীদের সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার ২৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীদের মাঝে নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর স্টেডিয়ামের পরিবেশ সরেজমিনে দেখে এক সপ্তাহের মধ্যে পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই সময় পেরিয়ে গেলেও দৃশ্যত কোনো পরিবর্তন হয়নি।

জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তার কাজ করে মূলত জাতীয় ক্রীড়া পরিষদের নিরাপত্তা কর্মীরা। এত দিন তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করতেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তারা যখন খেলেছেন তখন যেমন ছিল পরিবেশ, দায়িত্ব নেওয়ার পরও একই পরিবেশ পেয়েছেন এবং এটার উত্তরণ প্রয়োজন। তার ভাষায়, দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়; মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড এবং দোকানিদের অবৈধভাবে ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে রাখার মতো সমস্যা রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়ম গ্রহণযোগ্য হবে না জানিয়ে আমিনুল হক বলেন, দায়িত্বে গাফিলতি বা কোনো পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হবে।

জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনার সংস্কার করা হবে। পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়া ইতিহাসের গৌরবোজ্জ্বল অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানো হবে।

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় জাতীয় স্টেডিয়াম এলাকায় ক্রীড়াঙ্গনের বাইরেও প্রতিমুহূর্তে অনেক মানুষের যাতায়াত রয়েছে। এত গাড়ি ও মানুষের চলাচল পর্যবেক্ষণে যথেষ্ট নিরাপত্তা কর্মী নেই।