নভেম্বর ২৩, ২০২৬, ০৫:২৯ পিএম
পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে রোববার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয় বলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে।
জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
ভারতীয় ম্যাজিক পেইন রিলিফ নামের ওই ট্যাবলেটগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানায় নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়। হাবিলদার মো. জহুরুল হকের নেতৃত্বে টহল দলটি সীমান্তের মেইন পিলার ৭৮৮ এন ৩৮ সাব পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট আমতলী বাজার এলাকায় এই অভিযান চালায়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মানব পাচার ও মাদক প্রবেশের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সতর্ক অবস্থানে রয়েছে।
দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন