রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

ময়মনসিংহে সুতিয়াখালীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, মেরামত সম্পন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৯:৪১ পিএম

ময়মনসিংহে সুতিয়াখালীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, মেরামত সম্পন্ন

ময়মনসিংহে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় চলন্ত অবস্থায় আন্তঃনগর ট্রেনটির সংযোগস্থলের হুক ভেঙে পেছনের কয়েকটি বগি আলাদা হয়ে যায়।

হুক ভেঙে যাওয়ার পর ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে ট্রেনটি কয়েকশ গজ সামনে এগিয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেন থামান। পরে ট্রেনটি পেছনের দিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়। চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা মিলে বগিগুলো পুনরায় সংযুক্ত করেন।

মেরামত কাজ শেষে বিকেল ৫টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছিল।