নভেম্বর ২২, ২০২৬, ০৮:৫৩ পিএম
দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের বেকারত্বের হার মাত্র ১ দশমিক ২৫ শতাংশ হলেও উচ্চশিক্ষিত স্নাতকদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
রোববার (২২ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন : সরকারের নীতি এবং ঢাবির অবস্থান শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
উপাচার্য বলেন, একদিকে লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছে, অন্যদিকে ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী শিল্প ও সেবা খাতের কারিগরি ও প্রকৌশল পদের ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদের ২৩ দশমিক ৩৬ শতাংশ বিদেশি কর্মীদের দখলে রয়েছে। এর অর্থ হলো, শ্রেণিকক্ষের পাঠদান এবং শিল্প প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তির মধ্যে এক বিশাল শূন্যতা বিরাজ করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের বৈশ্বিক প্রভাব তুলে ধরে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ২০৩০ সালের মধ্যে ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হবে এবং ১৭ কোটি নতুন ধারার কর্মসংস্থান তৈরি হবে, আর এই নতুন অর্থনীতিতে টিকে থাকতে হলে উচ্চশিক্ষার আমূল পরিবর্তন দরকার।
মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়তে আইনি কাঠামো পুনর্বিন্যাস, প্রাতিষ্ঠানিক সেতুবন্ধ তৈরি, শিল্প খাতে বাধ্যতামূলক গবেষণা, পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে শ্রেণিকক্ষের সঙ্গে যুক্ত করার ওপর জোর দেন তিনি। মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করে তা উদ্ভাবনী উদ্যোগে রূপান্তর এবং রাষ্ট্র, শিল্প, সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা কাজে লাগানোর কথাও বলেন উপাচার্য। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রোল মডেল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, এবং আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বাড়ানো এবং যুগোপযোগী পাঠ্যক্রম তৈরির ওপর গুরুত্ব দেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গণমানুষের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বিশ্বের উন্নত দেশের মডেল অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি নতুন উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন