নভেম্বর ২২, ২০২৬, ১১:৩২ এএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে। রোববার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুরা, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট এক হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নিয়ম মেনে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে ইউনিট অনুযায়ী নির্ধারিত জিপিএ এবং অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
আবেদন ফি জমা দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির ফি ৮০০ টাকা এবং ই ইউনিট, সি-১ ইউনিট ও আইবিএ-জেইউর ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব ইউনিটের ক্ষেত্রেই আবেদন ফির সঙ্গে এক দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে।
আগামী ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা সম্ভাব্য আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে নেওয়ার কথা রয়েছে, তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে কোনো পরীক্ষা হবে না।
পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হবে। আবেদন করতে শিক্ষার্থীদের প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট অ্যাডমিশন ডট জুনিভ ডট এডুতে ঢুকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে।
এরপর নিজের অথবা অভিভাবকের মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। ওই নম্বরে পাঠানো পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে, যা পরবর্তী সময়ে আবেদন ও ওয়েবসাইট ব্যবহারে কাজে লাগবে।
একটি মোবাইল নম্বর দিয়ে একাধিক ইউনিটে আবেদন করা যাবে, তবে একই নম্বরে একই ইউনিটে একাধিকবার আবেদন করা যাবে না। নিজস্ব প্রোফাইলে গিয়ে ছবি আপলোড করুন ও স্বাক্ষর আপলোড করুন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবির আকার হতে হবে ৩০০ গুণ ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ফাইল সাইজ ১০০ কিলোবাইট। স্বাক্ষরের আকার ৩০০ গুণ ৮০ পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট হতে হবে। উভয়টিই জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে।
পছন্দের ইউনিট বেছে নিয়ে নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক ইউনিটে আবেদন শেষ করা যাবে। ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে, আর পেমেন্টের বিস্তারিত ধাপ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন