নভেম্বর ২১, ২০২৬, ০৮:০৫ পিএম
কৃষি গবেষণার ফলাফল শিল্প ও বাণিজ্যিক খাতে কাজে লাগাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শনিবার একুশে নভেম্বর দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এক কর্মশালায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
কর্মশালার শিরোনাম ছিল গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ।
চুক্তিতে সই করা প্রতিষ্ঠানগুলো হলো ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি এবং নেক্সটজেন বায়োফিড। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী পরিচালক অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর।
বর্তমানে দেশে ও বিদেশে মোট ৬১১টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক রয়েছে বলে মূল প্রবন্ধে জানান অধ্যাপক ড. আহসান কবীর।
গবেষণার বাণিজ্যিকীকরণে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সমন্বয় জরুরি হলেও এখনো কিছুটা দূরত্ব রয়ে গেছে বলে মন্তব্য করেন প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে আইকিউএসির মাধ্যমে সেই দূরত্ব পূরণ করা হবে।
অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, একাডেমিক ও শিল্পপ্রতিষ্ঠানের মিথস্ক্রিয়া, শিক্ষা কারিকুলাম নিয়মিত আপডেট করা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো এবং গবেষণার বাণিজ্যিকীকরণ নিশ্চিত করা এই কর্মশালার মূল চারটি উদ্দেশ্য।
বাজেট ও তহবিল প্রসঙ্গেও কথা বলেন তিনি। বর্তমান সরকার শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট বরাদ্দ করেছে এবং আগামী বছর তা ৩ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আগামী বছর কৃষি খাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হবে এবং সরকারের ইনোভেশন ফান্ডে থাকা ৫০০ কোটি টাকা গবেষণাকাজে উন্মুক্ত রয়েছে বলে উল্লেখ করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে নিতে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা অপরিহার্য। একসঙ্গে সমন্বয় না হলে কোনো প্রযুক্তিই কার্যকর হয় না।
সবশেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গবেষণালব্ধ শিল্পোন্নয়ন: কৃষি গ্র্যাজুয়েটদের ভূমিকা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা হয়, যেখানে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন