নভেম্বর ২১, ২০২৬, ০৭:১১ পিএম
ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় এবং যারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমি দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের সঙ্গে আপস করে না এবং ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে এ জাতি কখনো দাসত্ব বা বশ্যতা স্বীকার করেনি। কোনো সাম্রাজ্যবাদী কিংবা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন তিনি।
কোনো একক ব্যক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আসেনি উল্লেখ করে কায়সার কামাল বলেন, তাই এ দেশকে আর কখনো কারও পৈত্রিক সম্পত্তি বা আমিত্বের দেশ বানাতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রেইনবো নেশন ধারণা বাস্তবায়নের মাধ্যমে হাজং, গারো, হিন্দু, মুসলমানসহ সব নাগরিকের সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করার কথা বলেন তিনি।
জুলাইয়ের রক্তক্ষয়ী সময়ের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, মাত্র দেড় মাসের মধ্যে এক হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণ-তরুণীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। এখন আবারও সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রতিটি নাগরিককে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
২০০৯ সালের শেষ দিকে সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দ যুক্ত করার প্রতিবাদে শহীদ মিনারে আদিবাসী সংগঠনের সভায় নিজেও অংশ নেওয়ার কথা জানান তিনি। হাজংদের রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা সমুন্নত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন ডেপুটি স্পিকার।
টঙ্ক, তেভাগা ও হাতিখেদা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে হাজং সম্প্রদায়ের সংগ্রাম ও আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে এ জনগোষ্ঠী বহুবার নিগৃহীত হলেও কখনো মাথানত করেনি। স্থানীয়ভাবে চাকরি-বাকরির ক্ষেত্রে অনগ্রসর হাজং ও গারো সম্প্রদায়ের মানুষকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হলে দেশের প্রতি তাদের দীর্ঘদিনের অবদানের কিছুটা হলেও মূল্যয়ন হবে বলে মনে করেন তিনি।
নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, অ্যাকাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং ও গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং।
উৎসবে হাজং সম্প্রদায়ের নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন