মে ১৪, ২০২৬, ০৫:৪০ পিএম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, তিনি নিজে দুর্নীতি করবেন না এবং তার এলাকায় কাউকে তা করতেও দেবেন না। বৃহস্পতিবার (১৪ মে) কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের এক পর্যায়ে ব্যারিস্টার কায়সার কামাল হুশিয়ারি দিয়ে বলেন, তার আত্মীয় পরিচয় দিয়ে কেউ যদি দুর্নীতি করে তবে তাকে ছাড় দেওয়া হবে না এবং সরাসরি আইনের হাতে তুলে দেওয়া হবে। তিনি সমাজ থেকে মাদক নির্মূল এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই এবং কলমাকান্দায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় চিঠিপত্র আদান-প্রদান সম্পন্ন হয়েছে।
খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়মের কঠোর সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, তালিকাভুক্ত ১৭৮ জন কৃষকের মধ্যে ৮০ শতাংশই প্রকৃত কৃষক নন। মিল মালিকরা কৃষকের নাম ব্যবহার করে ফায়দা লুটছেন। সরকারি মূল্যের চেয়ে বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়া কৃষকদের ঠকিয়ে কোনো সুবিধাভোগীকে ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান।সাম্প্রতিক হাওরের বন্যাকে মানবসৃষ্ট উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাছ চাষের নামে বড় বড় গর্ত তৈরি এবং বাঁধের জমি বেদখল করার কারণে পানি সরতে পারছে না। তিনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে থাকা দপ্তরগুলোর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক, মালিক নন। দায়িত্ব অবহেলা করলে প্রয়োজনে তাদের অন্য জায়গায় বদলি হয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, তিনি নিজে দুর্নীতি করেননি এবং করবেনও না। এমনকি তার আপন ভাইয়ের ক্ষেত্রেও কোনো অনিয়ম পাওয়া গেলে তা বরদাস্ত করা হবে না। কোনো আমলা বা সুবিধাভোগী মহল যেন তার নাম ভাঙিয়ে প্রশাসনের ওপর প্রভাব খাটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, তিনি কৃষকের সন্তান এবং এলাকার ৯০ শতাংশ মানুষ কৃষক। ক্ষমতার চেয়ার উপভোগ করতে নয় বরং জনগণের সেবা করতে তিনি এমপি ও ডেপুটি স্পিকার হয়েছেন। জনগণের অধিকার বঞ্চিত করে কোনো কাজ হতে দেওয়া হবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন