নভেম্বর ২৩, ২০২৬, ০৫:১৫ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ইউরোপীয় ইউনিয়নের কোনো মন্তব্য বা অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার ২৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি এবং বৃহত্তর সমঝোতার স্বার্থে দলটির ওপর বা এর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত কি না—এমন প্রশ্ন রাখা হয় অনুষ্ঠানে। জবাবে মাইকেল মিলার বলেন, তিনি যা বলবেন তা ইউরোপীয় ইউনিয়নের অবস্থান নয়, বরং তাঁর নিজস্ব বক্তব্য।
অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপ এবং বর্তমানে চলমান পদক্ষেপগুলো লক্ষ্য করার কথা জানান এই কূটনীতিক। বাংলাদেশের স্থিতিশীলতা কামনা করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাছে এর সহজ অর্থ হলো ন্যায়বিচার।
অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, এর অর্থ আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। এখন সহিংসতা বর্জন করার পাশাপাশি জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্বর্তী সরকারের সময় গঠিত সংস্কার কমিশনগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে মাইকেল মিলার জানান, সেখানে অনেক ইতিবাচক বিষয় ছিল। ভালো ধারণাগুলো যাতে বাস্তবে রূপ নিতে পারে, সেজন্য এখনো যারা সরকারে আছেন তাদের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন