নভেম্বর ২৩, ২০২৬, ০৪:২৯ পিএম
ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার মধ্যে সোমবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের সাক্ষাৎকারে তিনি এ অবস্থান তুলে ধরেন।
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত তাকে হস্তান্তর করবে বলে আশা করছে ঢাকা।
রয়টার্স সাক্ষাৎকারের আগে এ বিষয়ে মন্তব্য চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই গণ-অভ্যুত্থান ও আন্দোলন ঘিরে সহিংসতায় সর্বোচ্চ এক হাজার ৪০০ মানুষ নিহত হন। ২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে তিনি ঢাকা ছেড়ে ভারতে যান।
গতকাল রোববার দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই গ্রেপ্তার করা হবে, কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।
তিনি আরও বলেন, ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে বলে তারা চান, এরপর আইন নিজস্ব গতিতে চলবে এবং শেখ হাসিনাকে তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসলে কেমন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, সাক্ষাৎকারে এমন মন্তব্যও করেন শামা ওবায়েদ ইসলাম।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন