নভেম্বর ২৪, ২০২৬, ০৮:৪৭ পিএম
চতুর্থ জাতীয় জনসংখ্যা বৃদ্ধি পুরস্কার অনুষ্ঠানে পাঠানো বার্তায় যুবকদের বিয়ে সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনেয়ী। শক্তিশালী ইরান গঠনে জনসংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন তিনি।
বার্তায় তিনি বলেছেন, অতীতের কিছু জনসংখ্যা নীতির কারণে সৃষ্ট ঘাটতি অবশ্যই পূরণ করতে হবে।
জাতীয় দৃঢ়তা, অগ্রগতি এবং আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ইরান গড়ে তোলার জন্য আগামীর ইরানের জনসংখ্যা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সব ধরনের গুণগত ও সংখ্যাগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা অপরিহার্য বলে জানানো হয়।
সর্বোচ্চ নেতা বলেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের শক্তিকে বাস্তবে কাজে লাগানো এবং বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি ও সেগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শত্রুদের হুমকি ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড প্রতিহত করতেও জনসংখ্যা বৃদ্ধি কার্যকর বলে মনে করেন তিনি।
যুব বয়সে বিয়ের পথ সহজ করা, ব্যক্তিগত স্বাস্থ্য নিশ্চিত করা, সন্তান জন্মদানে সহায়তা করা এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতির প্রসারে গুরুত্ব দেওয়ার কথা বলেন সাইয়্যেদ মোজতাবা খামেনেয়ী।
তাঁর মতে, এসবের প্রতিটিই ইরানকে আরও শক্তিশালী করার পথে কার্যকর পদক্ষেপ।
যে কোনো দেশপ্রেমিক ইরানি, যিনি এই ভূখণ্ড ও এর জনগণের জন্য উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করেন, তিনি নতুন ইসলামী সভ্যতার মানদণ্ডে ইরানিদের বংশধারা অব্যাহত রাখার জন্য দৃঢ় প্রেরণা ও সংকল্প ধারণ করবেন বলে বার্তায় উল্লেখ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন