বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

ইরানে যুদ্ধ ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চালানোর তহবিল আছে জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৩:৫৫ পিএম

ইরানে যুদ্ধ ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চালানোর তহবিল আছে জানালেন ট্রাম্প

ওয়াশিংটনের হাতে বর্তমানে যে আর্থিক বরাদ্দ বা তহবিল রয়েছে, তা দিয়ে ২০২৭ সালের জানুয়ারি মাসের শেষ পর্যন্ত ইরানে যুদ্ধ চালিয়ে নিতে পারবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন, তবে তিনি এ-ও দাবি করেছেন যে চাইলে যেকোনো মুহূর্তেই এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধ ইস্যুতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির কঠোর সমালোচনা করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী। ডেমোক্রেটিক পার্টি শুরু থেকেই ব্যাপকভাবে এই অভিযানের বিরোধিতা করে এলেও তখন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের আপত্তি ধোপে টেকেনি।

তবে গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের সমীকরণ বদলে গেছে, যেখানে ১৯৯২ সালের পর সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্রেটিক পার্টি। আগামী জানুয়ারি থেকে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা কংগ্রেসের দায়িত্ব নেবেন এবং কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সম্ভাব্য স্পিকার ইতিমধ্যে জোর দিয়ে বলেছেন যে দায়িত্ব নেওয়ার পর তাঁদের প্রথম কাজ হবে ইরানে ‘স্বেচ্ছাচারী ও বেপরোয়া’ যুদ্ধ বন্ধ করা।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নেতৃত্বও নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র জয়ের দ্বারপ্রান্তে রয়েছে, আর ডেমোক্র্যাটরা একটি নিশ্চিত অর্জিত বিজয়কে পরাজয়ে রূপান্তর করতে চাইছে।

জানুয়ারি মাসে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তাঁর প্রশাসন জানুয়ারি পর্যন্ত সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো আর্থিক প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি বলেন, জানুয়ারি মাসের শেষ পর্যন্ত প্রয়োজনীয় অর্থ তাঁদের কাছে রয়েছে এবং এই সময়সীমার মধ্যে তহবিল সংক্রান্ত কোনো সমস্যা হবে না।

যুদ্ধের নিয়ন্ত্রণ এখন নিজেদের হাতে রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ওয়াশিংটন চাইলে যেকোনো মুহূর্তেই এই সংঘাতের ইতি টানতে পারে।

সাক্ষাৎকারে ইরানে সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) সম্ভাবনা নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানে সরকার পরিবর্তন সম্ভবত করা যেতে পারে ঠিকই, তবে এটি তাঁর মূল লক্ষ্য নয়। ট্রাম্প বলেন, তিনি শুধু চান ইরানের কাছে যেন পারমাণবিক অস্ত্র না থাকে এবং তিনি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলেন না বা এটি তাঁর কাছে কোনো শর্তও ছিল না।

সূত্র : আনাদোলু এজেন্সি