বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

অভিনেত্রী টিনা দত্তের মুম্বাইয়ের ফ্ল্যাটের সিলিং ভেঙে পড়ল

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০১:২২ পিএম

অভিনেত্রী টিনা দত্তের মুম্বাইয়ের ফ্ল্যাটের সিলিং ভেঙে পড়ল

নিজের মনের মতো করে সাজানো মুম্বাইয়ের ফ্ল্যাটের বসার ঘরের সিলিং ভেঙে কাঁধে আঘাত পেয়েছেন ভারতীয় অভিনেত্রী টিনা দত্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক বার্তায় তিনি নিজেই এই অপ্রত্যাশিত দুর্ঘটনার কথা জানান, যেখানে বসার ঘরের মেঝেজুড়ে সিলিংয়ের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার বিবরণ দিয়ে ক্যাপশনে টিনা লেখেন, ‘আমার জীবনের গল্প… কিছুটা মজার, কিছুটা অদ্ভুত।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দুর্গাপূজার ছুটিতে কলকাতায় অবস্থান করছিলেন টিনা দত্ত। গত ৩১ অক্টোবর মুম্বাইয়ের বাসায় ফিরে গোসল সেরে খাবার খাওয়ার সময় তিনি মেঝেতে ছাদের ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে তিনি ভেবেছিলেন, গৃহকর্মী ঘর পরিষ্কার করার সময় হয়তো ময়লা ফেলে রেখেছেন। পরে খেয়াল করে বুঝতে পারেন, বসার ঘরের সিলিংয়েরই একটি বড় অংশ ভেঙে নিচে পড়েছে।

সিলিংয়ের ভাঙা অংশ তার শরীরের ওপর পড়ায় কাঁধে আঘাত পান এই অভিনেত্রী। দুর্ঘটনার পর প্রথম দুই দিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও তৃতীয় দিনে ঘরের বিধ্বস্ত অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি, তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি ছড়িয়ে পড়ার পর টিনার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার ভক্ত ও অনুসারীরা। সবার উদ্বেগ দূর করে অভিনেত্রী জানান, ভেঙে পড়া অংশটি মূলত ফলস সিলিং ছিল, আর সে কারণেই তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।