নভেম্বর ২৫, ২০২৬, ০৮:১৮ এএম
হলিউডের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ প্রথমবারের মতো ওয়েস্টার্ন সিনেমা বানাচ্ছেন। কেভিন ব্যারির উপন্যাস ‘দ্য হার্ট ইন উইন্টার’ অবলম্বনে নির্মিতব্য ছবিতে অভিনয় করবেন অস্কারজয়ী কিলিয়ান মারফি ও জেসি বাকলি।
সোমবার (২৩ নভেম্বর) ছবিটির ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফোকাস ফিচার্স। ছবিতে কিলিয়ান মারফি ও জেসি বাকলির সঙ্গে অভিনয় করবেন মার্ক রাইল্যান্সও। ২০২৮ সালে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘দ্য হার্ট ইন উইন্টার’ উপন্যাসটি প্রকাশিত হয় ২০২৪ সালে। এর গল্পের কেন্দ্রে রয়েছেন আইরিশ কবি টম রুর্ক। শহরের খনি অধিনায়কের নতুন স্ত্রী পলি গিলেসপির প্রেমে পড়েন তিনি। পরে দুজন একসঙ্গে সান ফ্রান্সিসকোর উদ্দেশে পালিয়ে যান। তবে তাদের পিছু নেয় সশস্ত্র বন্দুকধারীদের একটি দল।
এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করবেন স্টিভেন স্পিলবার্গ ও জেসি বাকলি। এর আগে ‘হ্যামনেট’ সিনেমায় প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন স্টিভেন স্পিলবার্গ। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন জেসি বাকলি।
অন্যদিকে, পল থমাস অ্যান্ডারসনের জন্যও এটি বিশেষ কাজ। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য ২০২৫ সালের অস্কারে সেরা পরিচালকসহ ছয়টি পুরস্কার জেতেন তিনি। তবে ‘দ্য হার্ট ইন উইন্টার’ হবে এমন প্রথম সিনেমা, যার চিত্রনাট্য তিনি লিখছেন, কিন্তু পরিচালনা করছেন না।
কিলিয়ান মারফিকে সম্প্রতি নেটফ্লিক্সের ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমর্টাল ম্যান’ সিনেমায় টমাস শেলবি চরিত্রে দেখা গেছে। সামনে তাকে ‘আ কোয়ায়েট প্লেস পার্ট থ্রি’ এবং ‘২৮ ইয়ার্স লেটার’ সিরিজের শেষ কিস্তিতে দেখা যাবে। জেসি বাকলির হাতে রয়েছে পল মেসকাল অভিনীত ‘হোল্ড অন টু ইওর অ্যাঞ্জেলস’সহ আরও কয়েকটি সিনেমার কাজ। ২০২৭ সালের শীতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ, ডেডলাইন

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন